তালতলী উপজেলার নিদ্রা ডিসি পয়েন্টে রাস উৎসব ও নিদ্রা সমুদ্র সৈকত ব্র্যান্ডিং উপলক্ষে প্রশাসনের অনুমোদন ছাড়াই লাকি কুপন বিক্রি এবং টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুপন ক্রেতারা জানান, ঘোষিত দিনে ড্র না করে টাকা লোপাট করেছে উদ্যোক্তা কমিটির লোকজন। এ ঘটনায় দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেবক মন্ডল বলেন, "লাকি কুপন বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। এরপরও যদি বিক্রি করা হয়ে থাকে তা অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের নিদ্রা ডিসি পয়েন্টে গত ৫-৭ নভেম্বর তিন দিনব্যাপী রাস ও নিদ্রা সমুদ্র সৈকত ব্র্যান্ডিং উৎসব অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে নিদ্রা সমুদ্র সৈকত পর্যটন উদ্যোক্তা কমিটি এ আয়োজন করে। তবে লাকি কুপন বিক্রির অনুমোদন ছিল না। তবুও কমিটির পক্ষ থেকে ১০ টাকা দামে ১০ হাজার কুপন বিক্রি করা হয়। প্রথম পুরস্কার গরু, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার মোবাইলসহ ১২টি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
কিন্তু অনুষ্ঠানের শেষ দিন ৭ নভেম্বর ড্র স্থগিত করা হয়। এরপর ১২ দিন পার হলেও এখনো ড্র অনুষ্ঠিত হয়নি। এতে প্রতারণার অভিযোগ তুলেছেন ক্রেতারা।
তালতলী বাজারের কুপন ক্রেতা শিশির গাজী বলেন,"বন্ধুদের সাথে মিলে আমরা এক হাজার লাকি কুপন কিনেছি। যেদিন ড্র হওয়ার কথা সেদিনই স্থগিত করা হয়। এখনো ড্র হয়নি। মনে হচ্ছে টাকা আত্মসাৎ করা হয়েছে। দ্রুত ব্যবস্থা চাই।
কুপন ক্রেতা নাজমুল, মেহেদী হাসান ও বায়েজিদ জানান,"ড্র না করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে উদ্যোক্তা কমিটি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।
এ বিষয়ে নিদ্রা সমুদ্র সৈকত পর্যটন উদ্যোক্তা কমিটির সভাপতি ও সোনাকাটা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস ফরাজী বলেন,"লাকি কুপনের বান্ডিল হারিয়ে যাওয়ায় ড্র দেওয়া যায়নি। দ্রুত ড্র আয়োজন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ